ফেসবুকে পোস্টে প্রতিক্রিয়া
হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসের গাড়িবহরে হামলা চালিয়েছে বিএনপি : নাহিদ ইসলাম
হবিগঞ্জে 'জুলাই পদযাত্রা' কর্মসূচি চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে অতর্কিত ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
নাহিদ ইসলামের পোস্ট সূত্রে জানা যায়, কর্মসূচিসূত্রে হবিগঞ্জে অবস্থানকালে অতর্কিতভাবে এনসিপির গাড়িবহরে সশস্ত্র হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন সাংবাদিক এবং এনসিপি নেতাকর্মী গুরুতর আহত হন।
ঘটনার বিবরণ দিয়ে নাহিদ ইসলাম জানান, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে অতর্কিত ও সশস্ত্র হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হয়েছেন। দুর্ভাগ্যবশত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই হামলা হয়েছে।
পোস্টে তিনি লেখেন, হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের ব্যবহৃত মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের সীমানার ভেতরে নিয়ে ভাঙচুর করে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এই ন্যাক্কারজনক কাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ করেন তিনি।
সন্ত্রাসীরা শুধু গাড়ি ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা এবং এনসিপি নেতাকর্মীদের মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায় বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে এই হামলায় গভীর ক্ষোভ প্রকাশ করে এনসিপি প্রধান আরো বলেন, রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনার ভেতরে ঢুকে আইনপ্রয়োগকারী সংস্থার সামনে এ ধরনের সশস্ত্র হামলা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তিনি।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: