সুনামগঞ্জে বিপদসীমার দিকে নদ-নদীর পানি, (পাউবো) এর সতর্কবার্তা

সুনামগঞ্জে বিপদসীমার দিকে নদ-নদীর পানি, (পাউবো) এর সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৮/০৭/২০২৬ ১৫:৫৫:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলাজুড়ে গতকাল রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার প্রধান প্রধান নদীর পানি উল্লেখযোগ্য হারে বাড়ায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক আজ বুধবার (৮ জুলাই) সকাল ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার সবকটি পয়েন্টেই পানি বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পয়েন্টেই পানি বিপদসীমা অতিক্রম করেনি।

পাউবোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি সবচেয়ে দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার মাত্র ০.৯৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, সুনামগঞ্জ সদর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পানি বেড়েছে ৩০ সেন্টিমিটার, যা বর্তমানে বিপদসীমার ১.১১ মিটার নিচে রয়েছে। এছাড়া যাদুকাটা নদীর লাউড়েরগড় ও শক্তিয়ারখলা এলাকাতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

অবিরাম বৃষ্টির কারণে শহরের নিচু রাস্তাঘাটে ইতিমধ্যে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং স্থানীয় ভারী বৃষ্টিপাত এভাবে বজায় থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জেলার কোনো কোনো পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

পরিস্থিতি সম্পর্কে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেন, “উজানের পাহাড়ি ঢল এবং স্থানীয় ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আমরা জেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং সবকটি পয়েন্টের পানি বাড়ার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত পানি বিপদসীমার নিচে থাকলেও হাওর ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের কন্ট্রোল রুম ও মাঠপর্যায়ের কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন।”

প্রীতম দাস/ আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad