ছাতকে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

ছাতকে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০১/০৭/২০২৬ ১৫:৫২:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক উপজেলার একমাত্র নারী শিক্ষার উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান জাহিদপুর উইমেন্স কলেজে এইচএসসি ব্যাচ ২০২৪–২০২৫ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিমুল পালের সভাপতিত্বে এবং প্রভাষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাহিদপুর জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হক।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, কলেজের উদ্যোক্তা ও সমাজকর্মী ছাদিকুর রহমান ছাদিক, ঝিগলী স্কুল অ্যান্ড কলেজের আইসিটি প্রভাষক সেবুল আহমদ, ইসলামের ইতিহাসের প্রভাষক মাজহারুল ইসলাম, জাহিদপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মুখতার আহমদ, জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আবাব মিয়া এবং আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক রহমান।


বক্তারা বলেন, বিদায় কোনো সমাপ্তি নয়; বরং এটি নতুন সম্ভাবনা, স্বপ্নপূরণ এবং জীবনের নতুন অধ্যায়ের সূচনা। তারা শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।


তারা আরও বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং একজন আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎ নির্মাণের পরামর্শও দেন বক্তারা।


অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয় এবং তাদের সম্মানে মিষ্টিমুখের আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল এবং জীবনের সর্বক্ষেত্রে সফলতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের সমাপনীতে কলেজের মূলমন্ত্র—“আলোকিত হও সুশিক্ষায়, বিকশিত হও মানব সেবায়”—ধারণ করে শিক্ষার্থীদের আদর্শ, সুনাগরিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

সুজন তালুকদার / তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: