ফকির ইলিয়াস এর কবিতা ‘যে দেশে বাঘের খাদ্য চুরি হয়ে যায় ও অন‍্যান‍্য’

গুচ্ছ কবিতা

ফকির ইলিয়াস এর কবিতা ‘যে দেশে বাঘের খাদ্য চুরি হয়ে যায় ও অন‍্যান‍্য’

প্রথম ডেস্ক

০১/০৭/২০২৬ ০০:৫৯:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যে দেশে বাঘের খাদ্য চুরি হয়ে যায়

আমাদের চিড়িয়াখানায় আজ যে পশুগুলো আছে,

তাদের সেখানে থাকার কথা ছিল না।

কথা ছিল, সেখানে থাকবে মানুষরূপী কিছু পশু,

যারা দখল করে নিচ্ছে, আমাদের বন-জঙ্গল,বৃক্ষ

নদী,পার্কের সবুজ কিংবা প্রজন্মের উজ্জ্বল পাঁজর।


আমাদের রক্তশূন্যতাপর্ব শেষ হয়েছে বেশ আগেই-

এখন ক্ষয় হচ্ছে হাড়,চোয়াল, দাঁত এমনকি

চোখের জ্যোতি। ক্ষয় হচ্ছে শ্রবণশক্তি। 

বাহু তুলতে ভুলে গেছি আমরা অনেক আগেই,

এখন ঝরে পড়ছে হাতের আঙুল।


চিড়িয়াখানায় বন্দী থাকা বাঘের জন্য বরাদ্দকৃত

গোশতের টুকরোটি বালতিতে ভরে নিয়ে যাচ্ছে

যে লোকটি, আমরা আর বাধা দিতে পারছি না।

কিংবা বানরের জন্য বরাদ্দকৃত কলাগুলো,

যারা বিক্রি করছে চোরাই বাজারে-

আমরা ভেঙে দিতে পারছি না ওদের হাত! 


আমরা জানি, এই বন্দী বাঘগুলো যদি একদিন

লোকালয়ের মুক্ত পরিবেশে আসতে পারতো,

তবে এরাই খাবলে খেতো সকল আততায়ীর হৃদপিণ্ড,

এরাই অ-মানুষগুলোকে  ধাওয়া করতো,

বঙ্গপোসাগর পর্যন্ত।


যে দেশে দূষিত নদীতে ভেসে উঠে ধর্ষিতা

কিশোরীর শবদেহ,

যে দেশে ভাঙা ব্রিজের দক্ষিণে হেলে পড়ে 

যাত্রী বোঝাই ট্রেন-

আমরা সেখানেই ফলাতে চাই বিজ্ঞানাংকিক বীজ! 

গ্রামগুলো শহর হবে স্লোগান দিতে দিতে 

দখল করে নিই মাতৃত্বের চারাভূমি,      

ওষুধ বিপণি থেকে মূল্য পরিশোধ করতে না পারা

যে পিতা খালি হাতে ফিরে আসেন,

তার মুখের দিকে তাকাতে পারি না।


কেবলই বলি, 

আমরা এগিয়ে যাচ্ছি! 

    আমরা  এগিয়ে যাচ্ছি! 

          আমরা এগিয়ে যাচ্ছি! 


বদল বিষয়ক 

বদলে যাওয়া মানেই বর্জ‌্যের শেষ তলানিটুকু নয়-

বদলে যাওয়া মানেই- পরে নেয়া নয় পশুত্বের খোলস

বদলাবার নামে যারা পান করতে চাইছে ধুমকেতুর সিগ্রেট

অথবা যারা গাইতে চাইছে দেহদক্ষিণার গান,

তাদের কাছে বদলে যাওয়া মানেই- 

গায়ে জড়ানো একটি মৌসুমি হাওয়ার প্রলেপ।


বানর বদলে মানুষ হয়েছে

অথবা মানুষ বদলে হয়েছে পাথর-

এমন অনেক উপাখ্যান পড়তে পড়তে আমরা যখন

আকাশের দিকে তাকাবো তখন দেখবো,

মাটিজীবী রাত্রিই গ্রহণ করে নিয়েছে সকল প্রাণের সারৎসার।

আর বদলের ইতিহাসটি শাণিত হয়েছে নরসুন্দরের ধারালো ক্ষুরে !


অটোগ্রাফ 

ভ্রমন শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই।কিন্তু লিখা হয়নি তার

গ্রহণবৃত্তান্ত। একদিন দেখি , হলুদ খাতাটির রং লাল হয়ে গেছে।

শব্দাবলীও কি তাহলে বদলায় আদল কিংবা ফিকে হয়ে যাবার

আগে রক্তাক্ত হয়ে যায় প্রাণের পরিভ্রমণ! এমন রহস্য ভাঙচুর

বিষয়ক টুকিটাকিও লিখে রেখেছিলাম আমি। তিরিশ বছর পর

পাতা কুড়াতে গিয়ে দেখি , সে বৃক্ষটি আর সেখানে নেই।চিহ্ন

গুলো সনাক্ত না করতে পারার বেদনা নিয়ে যখন ফিরছি , ঠিক

তখনই পরিচিত কন্ঠ শুনে থমকে দাঁড়াই।দেখি তুমি সেই পুরনো

খাতা হাতে দাঁড়িয়ে আছো। আবারও চাইছো আমার অটোগ্রাফ।

//

(ফকির ইলিয়াস। কবি)


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: