শিশুশ্রম নির্মূলের ডাকে সুনামগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

শিশুশ্রম নির্মূলের ডাকে সুনামগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৯/০৬/২০২৬ ২২:৫২:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৯ জুন (সোমবার) সুনামগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর, সিলেটের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।


​সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।


​র‍্যালিতে অন্যান্যের মধ্যে আঞ্চলিক শ্রম দপ্তর, সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শিশুশ্রম বন্ধ এবং শিশুদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।


​র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের হাতে বই-খাতা থাকার কথা, কোনো ঝুঁকিপূর্ণ কাজের সরঞ্জাম নয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূল করতে হবে। তিনি আরও বলেন, সরকারি নজরদারির পাশাপাশি স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও সচেতন সমাজকে শিশুশ্রম প্রতিরোধে এগিয়ে আসতে হবে। কোনো শিশু যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


​আঞ্চলিক শ্রম দপ্তর, সিলেটের কর্মকর্তারা তাদের বক্তব্যে জানান, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে আইনি প্রয়োগের পাশাপাশি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে তাদের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।


​উপস্থিত বক্তারা প্রত্যন্ত অঞ্চলে শিশুশ্রমের মূল কারণ হিসেবে দারিদ্র্য ও সচেতনতার অভাবকে চিহ্নিত করেন এবং তা দূরীকরণে সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনের ওপর জোর দেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই আয়োজন সুনামগঞ্জ জেলায় শিশু অধিকার সুরক্ষায় নতুন গতি সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রীতম দাস/ সজল আহমদ

মন্তব্য করুন: