জামালগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় জামালগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (২৯ জুন) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়,সাচনা বাজার উচ্চ বিদ্যালয়
ভীমখালী উচ্চ বিদ্যালয়,বেহেলী উচ্চ বিদ্যালয়।
উপস্থিত বক্তারা বলেন " প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ আমরা বৃক্ষ রোপন করছি। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করে, তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেমন সবুজে সমৃদ্ধ হবে, তেমনি দেশও হয়ে উঠবে আরও পরিবেশবান্ধব। গাছ লাগানো শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, সবাই মিলে একটি করে গাছ লাগাই, পরিচর্যা করি এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলি।"
শিক্ষকরা জানায়, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ রোপণের পাশাপাশি তার সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ভবিষ্যতেও বিদ্যালয় গুলোতে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
রকি ইসলাম / সজল আহমদ
মন্তব্য করুন: