হ্যারল্ড রশীদের ৭০তম জন্মবার্ষিকীতে সিলেটে তিন দিনব্যাপী বর্ণিল উৎসব

হ্যারল্ড রশীদের ৭০তম জন্মবার্ষিকীতে সিলেটে তিন দিনব্যাপী বর্ণিল উৎসব

প্রথম সিলেট প্রতিবেদন

২৮/০৬/২০২৬ ০৫:০৫:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ক্যানভাসের বুকে তুলির টানে যিনি বুনে চলেন জীবনের গভীর কথকতা, আবার গিটারের তারে আঙুল ছুঁইয়ে যিনি জাগিয়ে তোলেন হৃদয়ের সুপ্ত ব্যাকুলতা—তিনি আর কেউ নন, আমাদের সাংস্কৃতিক আকাশের এক উজ্জ্বল নক্ষত্র, রঙ-রেখা ও সুরের অনন্য সাধক শিল্পী হ্যারল্ড রশীদ চৌধুরী। চিত্রকলা আর সংগীতের এই দুই মোহনায় দাঁড়িয়ে যিনি গত কয়েক দশক ধরে সমৃদ্ধ করে চলেছেন আমাদের শিল্পভুবন, এই গুণী শিল্পীর জীবনে আজ এক বিশেষ মাইলফলক। জীবন-নদীর সত্তরটি বসন্ত পেরিয়ে তিনি পা রাখছেন সত্তর বছর বয়সে।


এই মহান সাধকের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ জুন থেকে ১ জুলাই ২০২৬ পর্যন্ত চায়ের দেশ সিলেটে বসতে যাচ্ছে তিন দিনব্যাপী এক অনন্য ও বর্ণাঢ্য মিলনমেলা। শিল্পীর সুদীর্ঘ সৃজনযাত্রাকে শ্রদ্ধা জানাতে এই মহতী আয়োজনে শামিল হচ্ছেন দেশের তিন কীর্তিমান শিল্পব্যক্তিত্ব—আবুল বারাক আলভী, শিশির ভট্টাচার্য্য এবং নিসার হোসেন।


"শিল্পী হ্যারল্ড রশীদের ৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন পরিষদ"-এর আয়োজনে এই তিন দিন সিলেটজুড়ে থাকবে শিল্পকর্ম প্রদর্শনী, স্মৃতিচারণ, হৃদয়ের আলপনা আঁকা শিল্পী-আড্ডা এবং সুরের মূর্ছনা।


শিল্পপ্রেমী ও অনুরাগী সবার জন্য এই উৎসবের দুয়ার উন্মুক্ত থাকবে। তিন দিনের এই আয়োজনে থাকছে নানান রঙের ছোঁয়া:


১. হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনী


শিল্পীর ক্যানভাসে আঁকা নিজস্ব এক মায়াবী ভুবন ঘুরে দেখার সুযোগ মিলবে এই প্রদর্শনীতে। তারিখ: ২৯ জুন – ১ জুলাই ২০২৬। সময়: প্রতিদিন সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা

 উদ্বোধন: ২৯ জুন, বিকাল ৫টা। স্থান: শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস, অরবিন্দ দাসগুপ্ত ভবন, টিবি গেইট, সিলেট।


২. 'সত্তরে হ্যারল্ড' (মূল জন্মদিন উদযাপন)


শিল্পীর জীবনের সত্তর বছর ছোঁয়ার বিশেষ মুহূর্তকে উদযাপন করা হবে গভীর ভালোবাসা আর শ্রদ্ধায়। তারিখ: ৩০ জুন ২০২৬। সময়: বিকাল ৫টা। স্থান: শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস, অরবিন্দ দাসগুপ্ত ভবন, টিবি গেইট, সিলেট।


৩. শিক্ষার্থীদের সম্মিলিত চিত্র প্রদর্শনী


যাঁর হাত ধরে তৈরি হচ্ছে আগামীর শিল্পী, হ্যারল্ড রশীদের সেই প্রিয় শিক্ষার্থীদের তুলির আঁচড় নিয়ে এই বিশেষ আয়োজন। তারিখ: ১লা জুলাই ২০২৬। সময়: বিকাল ৫টা থেকে রাত ৮টা। স্থান: সিলেট আর্টস কলেজ, এ/৩৫ কুমারপাড়া, সিলেট।


অনুষ্ঠানের আয়োজকেরা আহবান- এই আয়োজন কেবল একটি উৎসব নয়, এটি হ্যারল্ড রশীদের জীবনদর্শন এবং তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের হৃদয়ে ছড়িয়ে দেওয়ার এক পরম প্রয়াস। সুর, শিল্প আর সৌন্দর্যের এই মেলবন্ধনে আমরা সিলেট তথা দেশের সকল শিল্পানুরাগীকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, প্রিয় শিল্পীর এই ঐতিহাসিক ক্ষণটিকে আমরা সবাই মিলে এক স্মরণীয় মিলনমেলায় পরিণত করি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: