ইরান ‘হতাশার শেষ পর্যায়ে’, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি নিয়ে আলোচনায় ওয়াশিংটন নয়, বরং তেহরানই বেশি আগ্রহী ও চাপের মধ্যে ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই মরিয়া হয়ে আলোচনায় বসেনি। তার ভাষ্য অনুযায়ী, ইরানই আলোচনায় অংশ নিতে আগ্রহী ছিল এবং তারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, সমঝোতা স্মারকে (এমওইউ) উল্লেখিত ৬০ দিনের আলোচনার সময়সীমা শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এ বিষয়ে ট্রাম্প বলেন, “আমরা পুরো ৬০ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করব।”
এদিকে ইরানকে কোনো ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, “তারা কোনো অর্থ পাবে না, এক সেন্টও নয়।”
তবে ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এবং দুই দেশের সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে এখনো গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে রয়েছে।
সজল আহমেদ
মন্তব্য করুন: