জৈন্তাপুরে মোবাইল কোর্টে জব্দ পৌনে ৫ লাখ ঘনফুট বালু নিলামে

দরপত্র আহ্বান

জৈন্তাপুরে মোবাইল কোর্টে জব্দ পৌনে ৫ লাখ ঘনফুট বালু নিলামে

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১১/০৬/২০২৬ ১৩:৩৭:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে জব্দ করা প্রায় ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট বালু প্রকাশ্য নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে সিলেট জেলা প্রশাসন। জব্দকৃত এই বালুর সম্ভাব্য সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৮ লাখ ৪ হাজার ২০৮ টাকা।


সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাউরভাগ গ্রাম সংলগ্ন চাতলারপাড় ও ভুলটিরপাড় এলাকায় নদীর পাড়ে স্তূপ আকারে এই বালু জব্দ করা হয়েছিল। পরিমাপ অনুযায়ী, সেখানে আনুমানিক ৪ লাখ ৮৭ হাজার ৭৬৩ ঘনফুট বালু রয়েছে।


আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতি দরপত্রের জন্য ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। দরপত্র দাখিলের সময় নিম্নলিখিত কাগজপত্র ও জামানত জমা দিতে হবে। সাথে লাগবে জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি। ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে)। প্রস্তাবিত দরের ২০ শতাংশ সমমূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (জামানত হিসেবে)।


দরপত্র গ্রহণ করা হবে তিন ধাপে। কোনো কারণে প্রথম ধাপে বালু বিক্রি না হলে পর্যায়ক্রমে আরও দুটি ধাপে দরপত্র গ্রহণ করা হবে।


প্রথম ধাপ: ১০ ও ১১ জুন আবেদন ফরম বিক্রি করা হবে। ১১ জুন সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে দরপত্র জমা দিতে হবে এবং একই দিন বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় দরপত্র খোলা হবে।


দ্বিতীয় ধাপ: প্রথম ধাপে বিক্রি না হলে আগামী ১৪ থেকে ১৬ জুন একই প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপের কার্যক্রম চলবে।


তৃতীয় ধাপ: দ্বিতীয় ধাপেও বিক্রি না হলে ১৮ থেকে ২২ জুন তৃতীয় ও শেষ ধাপে দরপত্র গ্রহণ করা হবে।


দরপত্র অনুযায়ী সর্বেোচ্চ দরদাতাকে কার্যাদেশ পাওয়ার পর বালুর মূল্যের পাশাপাশি ১৫ শতাংশ ভ্যাট, ১০ শতাংশ আয়করসহ প্রযোজ্য অন্যান্য সরকারি কর কোষাগারে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে কার্যাদেশ বাতিলসহ জামানত বাজেয়াপ্ত করা হবে।


সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত বালু 'যেখানে যে অবস্থায় রয়েছে' তা সরেজমিনে পরিদর্শন করে দরপত্র দাখিল করতে হবে। এছাড়া কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো দরপত্র গ্রহণ বা বাতিলের পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করেন।


নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য সিলেট জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

এস আই বাবু/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad