সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, ভারী বৃষ্টির পূর্বাভাস

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০৬/২০২৬ ২৩:৪২:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের প্রধান প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ইতিমধ্যে সুরমা ও কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েক দিন সিলেটে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়ায় অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে।


সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত দুই দিন ধরে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়েছে। গত ৩৬ ঘণ্টায় সিলেটে মোট ১১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টাতেই বৃষ্টি হয়েছে ৫৮ দশমিক ২ মিলিমিটার। আবহাওয়াবিদদের মতে, জুনের এই সময়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির এই প্রবণতা আরও কয়েক দিন বজায় থাকতে পারে।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি বিভিন্ন পয়েন্টে দ্রুত বাড়ছে। নদীগুলোর পানি এখন পর্যন্ত বিপৎসীমার কিছুটা নিচে অবস্থান করলেও বর্তমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাউবোর কর্মকর্তারা বলছেন, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকলে যেকোনো সময় পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা পরিস্থিতিকে জটিল করে তুলবে।


এ ছাড়া ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীর পানিও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে সিলেট বিভাগের পাশাপাশি পার্শ্ববর্তী নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার নিচু এলাকার বাসিন্দাদের জন্য আগাম সতর্কতার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।


এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী রোববার পর্যন্ত পরবর্তী ১২০ ঘণ্টায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এই মৌসুমি বায়ু আগামী তিন থেকে চার দিনের মধ্যে আরও অগ্রসর হয়ে সারা দেশে বিস্তার লাভ করতে পারে।


মৌসুমি বায়ুর প্রভাবে আগামী রোববার পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


সিলেটের জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তাহির আহমদ / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad