সিলেটে সমালোচনার মুখে কন্টেন্ট ক্রিয়েটর রুমি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

সিলেটে সমালোচনার মুখে কন্টেন্ট ক্রিয়েটর রুমি

মীর্জা ইকবাল

০৯/০৬/২০২৬ ২২:০৬:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও ‘ভাইরাল’ হওয়ার নেশায় একের পর এক বিতর্কিত ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর রুমি লাবণ্যের বিরুদ্ধে। অশ্লীল ও মানহীন কন্টেন্ট তৈরির পুরোনো অভিযোগের পর এবার তাঁর বিরুদ্ধে সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলেছেন নেটিজেনরা। সম্প্রতি একটি ফেসবুক লাইভে মহানবী (সা.)-এর সুন্নাত ‘দাড়ি’ নিয়ে তাঁর করা আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।


স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সূত্রে জানা গেছে, সম্প্রতি রুমি তাঁর ফেসবুক পেজ থেকে একটি লাইভ করেন। ওই লাইভ চলাকালে তিনি পুরুষের দাড়ি ও সুন্নতি পোশাক নিয়ে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। অনেকেই অভিযোগ করেছেন, সস্তা জনপ্রিয়তা এবং পেজের রিচ (দর্শক সংখ্যা) বাড়ানোর জন্যই তিনি এমন সংবেদনশীল ধর্মীয় বিষয় নিয়ে উপহাস করেছেন।


রুমির এই মন্তব্যের পর সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম সমাজের প্রতিনিধিরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষুব্ধ ব্যবহারকারীদের অনেকে তাঁর ফেসবুক পেজ ও আইডি বয়কট এবং ‘রিপোর্ট’ করার ডাক দিয়েছেন।


অনলাইন অ্যাক্টিভিস্টদের মতে, রুমি ও তাঁর সহযোগীরা এর আগেও ভিউ পাওয়ার উদ্দেশ্যে সমাজ পরিপন্থী ও অশ্লীল কন্টেন্ট তৈরি করে সমালোচিত হয়েছিলেন। কিন্তু এবার তিনি কোটি মানুষের আবেগ ও বিশ্বাসের জায়গায় আঘাত করেছেন।


বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক তদারকি না থাকা এবং দ্রুত জনপ্রিয় হওয়ার মানসিকতার কারণেই কন্টেন্ট ক্রিয়েটরদের একটি অংশ দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।


বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হলেও রুমির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা বা ক্ষমা প্রার্থনার খবর পাওয়া যায়নি। তবে সুনামগঞ্জসহ বিভিন্ন অঞ্চলের মানুষ এই কন্টেন্ট ক্রিয়েটরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।


এ বিষয়ে রুমির মন্তব্য জানতে চেয়ে সেলফোনে কল দিলেও তিনি প্রতিবেদকের কল রিসিভ করেন নি। 

তানজুমা তাবাসসবুম / তাহির আহমদ

মন্তব্য করুন: