তাহিরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধে কঠোর নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (৮ জুন) সকালে উপজেলার লাউড়েরগড় বিওপি (সীমান্ত ফাঁড়ি) ক্যাম্পের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনসাধারণকে সচেতন করতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হয়।
মাইকিংয়ে বলা হয়, ভারতে অবস্থানরত কিছু অবৈধ নাগরিক বিভিন্ন সীমান্ত পয়েন্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাতে পারে। এ ধরনের যেকোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কোনো সন্দেহজনক ব্যক্তি বা অবৈধ সীমান্ত অতিক্রমের তথ্য পাওয়া মাত্রই নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, সীমান্ত এলাকার জনগণের সহযোগিতা ও সচেতনতা থাকলে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।
শামসুল আলম আখঞ্জী / ডি আর ডি
মন্তব্য করুন: