সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে আটক ২৪৪, অপরাধ নির্মূলে ‘জিরো টলারেন্স’
সিলেট মহানগর এলাকায় অপরাধ নির্মূলে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি ও চিরুনি অভিযান চালিয়ে ২৪৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪ ঘণ্টার একটি বিশেষ অভিযানেই আটক হয়েছেন ১৩৯ জন।
আজ রবিবার (৭ জুন) বিকেলে উপশহরে অবস্থিত এসএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল কুদ্দুছ চৌধুরী। এ সময় তিনি অপরাধ দমনে সাংবাদিকসহ সিলেট নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
পুলিশ কমিশনার বলেন, ‘নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ৩২ ঘণ্টায় ২৪৪ জনকে আটক করা এসএমপির একটি বড় সফলতা। তবে পুলিশের একার পক্ষে অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।’
তিনি আরও জানান, সোনাতলা এলাকায় শিশু ফাহিমা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে পুলিশ কাজ করছে এবং দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। এ ছাড়া নগরে ছিনতাই ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের পাশাপাশি ডিবি এবং ট্রাফিক পুলিশের যৌথ তৎপরতা বাড়ানো হয়েছে।
এসএমপি সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মহানগরের সবকটি থানায় একযোগে ৪ ঘণ্টার একটি বিশেষ চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে কোতোয়ালি থানা এলাকা থেকে ৩০ জন, জালালাবাদ থেকে ২৫ জন, এয়ারপোর্ট থেকে ২০ জন, দক্ষিণ সুরমা থেকে ২৭ জন, মোগলাবাজার থেকে ৬ জন এবং শাহপরান (র.) থানা এলাকা থেকে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।
এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মঞ্জুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, চোর এবং অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের মধ্য থেকে ১৩৯ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে ৪১ পিস ইয়াবা, ৮ লাখ ১৯ হাজার পিস ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি, ৫৬০ পিস ভারতীয় চকলেট এবং ১ হাজার ২৫০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০৯টি যানবাহন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডি আর ডি
মন্তব্য করুন: