সুনামগঞ্জে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, চা-দোকানি নিহত

সুনামগঞ্জে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, চা-দোকানি নিহত

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

০৭/০৬/২০২৬ ২১:০৭:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক চা-দোকানি নিহত হয়েছেন। আজ রোববার (৭ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের কারির বাজারে এ ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম নাসিম মিয়া (৩৮)। তিনি সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাসিম মিয়া পেশায় একজন চা-দোকানি। আজ সকালে তিনি বাড়ি থেকে তাঁর দোকানে যাচ্ছিলেন। পথে কারির বাজারে পৌঁছালে একই গ্রামের অলি, ডালি, আনু, সফু ও মোশারফের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। নাসিমের চিৎকার শুনে আশপাশের লোকজন ও তাঁর বড় ভাই আল-আমিন ঘটনাস্থলে ছুটে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুঃ আবু রায়হান সজিব জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়েছে।


নিহত নাসিমের বড় ভাই আল-আমিনের দাবি, ‘আমার চাচা বোনের ছবি নিয়ে আমাদের হয়রানি করছিল। আমার ভাই নাসিম এতে বাধা দিয়েছিল। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।’


ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্যাহ প্রথম সিলেটকে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডি আর ডি

মন্তব্য করুন: