হবিগঞ্জের মাধবপুরে মন্দিরে অগ্নিসংযোগের মূল হোতা গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মো. বোরহান উদ্দিন সোহাগ (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মন্দিরে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে মাধবপুর থানার আফজলপুর গ্রামের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের পূজার সামগ্রী সংরক্ষণের একটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে মন্দিরের গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
ঘটনার পর হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে গত রবিবার মাধবপুর থানার ৩নং বহরা ইউনিয়নের মনতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করা হয়। তিনি আফজলপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন ওরফে তালেবরের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান উদ্দিন সোহাগ অগ্নিসংযোগে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ধর্মীয় উপাসনালয়ে এমন হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার সাহস পাবে না।
ডি আর ডি
মন্তব্য করুন: