সিলেটে তুচ্ছ ঘটনায় জেলা ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত
Led Bottom Ad

সিলেটে তুচ্ছ ঘটনায় জেলা ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/০৪/২০২৬ ১০:৫৯:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে ব্যক্তিগত বিরোধ ও কথা কাটাকাটির জেরে মোফাজ্জল চৌধুরী মুর্শেদ নামে এক ছাত্রদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাঁরই সহযোগীদের বিরুদ্ধে। গত রবিবার (২৬ এপ্রিল) রাতে নগরীর উপশহর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত মুর্শেদ সিলেট জেলা ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপশহর এলাকায় মোফাজ্জলের সঙ্গে তাঁর বন্ধু নজরুল ইসলাম, সুবেল আহমদ ও বাহার আহমদের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে এক নেতার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসাও হয়েছিল। তবে গত রবিবার বিকেলে সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে মোফাজ্জল সিঙ্গারা ও কোমল পানীয় নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলে পুনরায় কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিন বন্ধু মিলে মোফাজ্জলের ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যক্তিগত তুচ্ছ ঘটনার জেরে মুর্শেদের ওপর এই হামলা চালানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং সংগঠন এতে পূর্ণ সহযোগিতা করছে। তিনি আরও জানান, আহত মুর্শেদ বর্তমানে আশঙ্কামুক্ত।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, হামলার শিকার এবং হামলাকারী—উভয় পক্ষই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। প্রাথমিক তদন্তে জানা গেছে, পুরনো ব্যক্তিগত বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি বা কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad