সুরমা নদীকে ঘিরে সিসিকের মেগা প্রকল্প: ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সুরমা নদীকে ঘিরে সিসিকের মেগা প্রকল্প: ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/০৪/২০২৬ ২৩:২০:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরকে একটি আধুনিক, সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুরমা নদীকে কেন্দ্র করে মেগা প্রকল্প হাতে নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নদীর দুই তীরের প্রায় ১৫ কিলোমিটার এলাকা সংরক্ষণ ও আধুনিকায়নের এই মহাপরিকল্পনা নগরের পরিবেশ ও বন্যা ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৃহৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে সামনে রেখে আজ রোববার (২৬ এপ্রিল) ক্বিনব্রিজ সংলগ্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। পরিদর্শনকালে তিনি জানান, এই প্রকল্পের আওতায় নদীর দুই তীরে শক্তিশালী বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের জন্য দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এছাড়াও স্লুইস গেট স্থাপন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নদীতীরকে একটি নান্দনিক রূপ দেওয়া হবে। সিসিক প্রশাসক বলেন, "প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসী একদিকে যেমন বিনোদনের সুযোগ পাবে, অন্যদিকে জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।"

সুরমা নদীকে পুনরুজ্জীবিত করতে পানি উন্নয়ন বোর্ডও জকিগঞ্জের আমলসীদ থেকে সুনামগঞ্জের মারকুলি পর্যন্ত নদী খননের এক বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে। সিসিক প্রশাসক জানান, সমন্বিত এই উদ্যোগের ফলে নদীগুলোর নাব্যতা বৃদ্ধি পাবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষিত হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর। এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি সিসিকের পক্ষ থেকে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সফরটি সফল করতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে।


এ রহমান

মন্তব্য করুন: