হবিগঞ্জ-৪ আসনের এমপির প্রতিনিধির সাথে ২৩ চা বাগান নেতার মতবিনিময়
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ ফয়সলের ছেলে এবং সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। গতকাল শুক্রবার বিকেলে নোয়াপাড়ার একটি বাংলোতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, উন্নত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা এবং জরাজীর্ণ অবকাঠামো সংস্কারসহ বিভিন্ন মৌলিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ২৩টি চা বাগানের সাধারণ সম্পাদক নৃপেন পালসহ শ্রমিক নেতারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন যে, চা শ্রমিকরা জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখলেও এখনো তাঁরা নানা বঞ্চনার শিকার। বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব, বাসস্থানের অনুন্নত পরিবেশ এবং বিশেষায়িত চিকিৎসার অভাবে তাঁদের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ ফয়সল তাঁদের এই দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসনে অগ্রণী ভূমিকা পালন করবেন। সভায় সৈয়দ শাফকাত আহমেদ শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, তাঁর পরিবার সব সময় চা বাগান এলাকার মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়নে ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। শ্রমিকদের সমস্যাগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানেরও প্রতিশ্রুতি দেন তিনি। মতবিনিময় সভায় দুই উপজেলার ২৩টি চা বাগানের পঞ্চায়েত প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: