ফসলরক্ষা বাঁধে দুর্নীতির তদন্ত ও শস্য বিমার দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

ফসলরক্ষা বাঁধে দুর্নীতির তদন্ত ও শস্য বিমার দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০৪/২০২৬ ১৫:০৮:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ নির্মাণে ভয়াবহ অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় কৃষক ও সচেতন জনতা। রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ট্রাফিক পয়েন্টে 'হাওর বাঁচাও আন্দোলন'-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে কৃষকরা তাঁদের ফসলের সুরক্ষায় 'শস্য বিমা' চালুর জোরালো দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাওরের বাঁধের প্রাক-প্রাক্কলন (প্রি-ওয়ার্ক) থেকে শুরু করে কাজ শেষ হওয়া পর্যন্ত (পোস্ট-ওয়ার্ক) প্রতিটি ধাপে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, অক্ষত বাঁধে বিপুল অর্থ বরাদ্দ এবং জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্বেচ্ছাচারিতার কারণে কৃষকের কষ্টের ফসল আজ হুমকির মুখে। বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে নিজ নিজ এলাকার বাঁধের কাজে অনিয়মের সরেজমিন চিত্র তুলে ধরে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সাত দফা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। তাঁদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো—বাঁধের কাজে দুর্নীতিতে জড়িত ও নীতিমালা বিরোধী কাজ অনুমোদনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, ‘কাবিটা’ নীতিমালা মানতে বাধ্য করা, পিআইসিতে প্রকৃত কৃষকদের সম্পৃক্ত করা এবং বাঁধের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা।

হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, কুদরত পাশা ও আবু সাঈদসহ আরও অনেকে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসন বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে অবহিত করার আশ্বাস দিয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: