বিশ্বম্ভরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন আহত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শক্তিয়ারখলা সড়কের গ্রামীণ টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— তাহিরপুর উপজেলার বুরুঙ্গাছড়া-বড়ছড়া এলাকার আলী হোসেন (৪৫), কলাগাঁও এলাকার হাছান আলী (৪৬) এবং লাকমা গ্রামের সোহাগ (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। এই দুর্ঘটনার ফলে শক্তিয়ারখলা সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ রহমান
মন্তব্য করুন: