জামালগঞ্জ ইউএনওকে সশরীরে হাজির হতে হাইকোর্টের নির্দেশ

জামালগঞ্জ ইউএনওকে সশরীরে হাজির হতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

১৬/০২/২০২৬ ০০:০০:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের দুর্লভপুর নৌকাঘাট ইজারা নিয়ে জটিলতায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


ইজারাদারের করা আদালত অবমাননার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোছা. ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২৬ ফেব্রুয়ারি ইউএনও মুশফিকীন নূরকে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


আদালত সূত্রে জানা গেছে, ১৪৩২ বাংলা সনের জন্য দুর্লভপুর নৌকাঘাট ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকায় ইজারা পান স্থানীয় বাসিন্দা ইয়াকবীর হোসেন আফেন্দি। নির্ধারিত সময়ের মধ্যে ইজারামূল্য পরিশোধ করলেও তাঁকে ঘাটের দখল বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।


এ ঘটনায় তিনি হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে ঘাটের দখল বুঝিয়ে দিতে নির্দেশ দেন এবং জানতে চান কেন ইজারাদারকে দখল দেওয়া হবে না। পরে আদেশ বাস্তবায়ন না হওয়ায় ইয়াকবীর হোসেন আফেন্দি আদালত অবমাননার আবেদন করেন।


আদালত অবমাননার মামলায় ইউএনওকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল বিকেলে ইউএনও মুশফিকীন নূরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


বাদী ইয়াকবীর হোসেন আফেন্দি বলেন, আদালতের আদেশের প্রত্যয়নিত অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার পরও তাঁকে দখল বুঝিয়ে দেওয়া হয়নি।


ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

ডি আর ডি

মন্তব্য করুন: