সিলেটে সরকারি চাকরি থেকে বরখাস্ত হলেন ছাত্রলীগের সাবেক নেতা
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কান্তি দে–কে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি সিলেটের কানাইঘাট সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মোহরার পদে কর্মরত ছিলেন।
জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, তপন কান্তি দে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় অভিযুক্ত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকে তিনি প্রায় দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
গত ২৭ জানুয়ারি সিলেটের জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। বরখাস্ত আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান–পরবর্তী ২৫ সেপ্টেম্বর তিনি কোনো অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করেন।
এ সময় কার্যালয়ের ডেটাবেইস সংবলিত একটি কম্পিউটার ও পার্শ্ববর্তী কয়েকটি দোকানের বকেয়া অর্থ নিয়ে আত্মগোপনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। পরে বিধি অনুযায়ী তাঁকে নোটিশ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়।
দীর্ঘ সময় অফিসের সঙ্গে কোনো যোগাযোগ না করায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং–০১/২০২৬) দায়ের করা হয়। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
তপন কান্তি দে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ হাতিম গ্রামের তৃপ্তি রঞ্জন দে ও ষষ্ঠী রানী দের ছেলে।
ডি আর ডি
মন্তব্য করুন: