সিলেটে বিএনপির দোয়া মাহফিল
“ইলিয়াস আলী গণতন্ত্রের জন্য লড়েছেন”—এ্যানি
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী-এর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এম ইলিয়াস আলী ছিলেন একজন ত্যাগী, সাহসী ও গণতন্ত্রকামী নেতা। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জনগণের অধিকার ও অবাধ নির্বাচনের দাবিতে সবসময় সোচ্চার ছিলেন।
তিনি আরও বলেন, “দেশের জন্য কথা না বললে হয়তো তিনি গুম হতেন না—তিনি গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন।”
এ্যানি তার বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের রায়ে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছেন এবং সাম্প্রতিক আন্দোলনে বহু নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এম ইলিয়াস আলী দলের ক্রান্তিলগ্নে সিলেটকে নেতৃত্ব দিয়েছেন এবং গণমানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। “১৪ বছর পেরিয়ে গেলেও তার নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের জন্য গভীর বেদনা ও উদ্বেগের। আমরা এই ঘটনার সুনির্দিষ্ট তথ্য জানতে চাই,”—বলেন তিনি।
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, “ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া ছিল ফ্যাসিস্ট আওয়ামী আমলের এক কলঙ্কজনক কালো অধ্যায়।”
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে এম ইলিয়াস আলীর সন্ধান ও মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিক উদ্দিন আশুক পিপি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি শহিদ আহমদ চেয়ারম্যান, মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, এড. সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এড. আল আসলাম মুমিনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ডি আর ডি
মন্তব্য করুন: