জ্বালানি প্রতিমন্ত্রী
‘এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে’
দেশে আগামী এপ্রিল ও মে মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানির পূর্ণ মজুত রয়েছে এবং জুন মাসের চাহিদা মেটাতেও সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশ্বাসের বাণী শোনান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে এবং জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আমদানিকৃত সকল জ্বালানি ইতিমধ্যে দেশে পৌঁছেছে। ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট ২০২৯ সাল নাগাদ চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিশোধিত জ্বালানি আমদানিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১ লাখ ১৩ হাজার ৮৫ টন ডিজেল, ৩১ হাজার ৮২১ টন অকটেন, ১৮ হাজার ২১ টন পেট্রোল এবং ৭৭ হাজার ৫৪৬ টন ফার্নেস অয়েল মজুত রয়েছে, যা দিয়ে আগামী দুই মাস অনায়াসে পার করা সম্ভব। লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে কৃষি ও শিল্প খাতকে বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর ফলে গৃহস্থালি খাতে কিছুটা ঘাটতি দেখা দিলেও আগামী মে মাসে ফসল সংগ্রহ শেষ হলে সাধারণ গ্রাহকরা আবারও বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার পাবেন। পরিদর্শনকালে জ্বালানি সচিব সাইফুল ইসলাম ও পেট্রোবাংলার চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে যাতে দেশের জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে।
এ রহমান
মন্তব্য করুন: