দিরাইয়ে ফের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

দিরাইয়ে ফের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি,দিরাই

২৭/১২/২০২৫ ১৮:৩১:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারও অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থানা রোড, মধ্যবাজার ও আখড়া পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সনজীব সরকারের নেতৃত্বে অভিযানে ফুটপাতের ওপর স্থাপিত অবৈধ স্থাপনা, ভাসমান দোকান ও বিভিন্ন মালামাল অপসারণ করা হয়। এ সময় উদ্ধার করা মালামাল জব্দ করা হয়।


অভিযানে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ ও আনসারের সদস্যরা সহায়তা করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, বারবার উচ্ছেদ অভিযান চালানো হলেও দিরাই পৌর শহরের ফুটপাত দখলমুক্ত রাখা যাচ্ছে না। কিছু ব্যবসায়ী ও ভাসমান দোকানদার প্রভাবশালীদের আশ্রয়ে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন। এতে বাজার এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রায় দুই সপ্তাহ আগে ফুটপাত দখলমুক্ত করা হলেও পুনরায় দখল হয়ে যাওয়ায় আবার অভিযান চালানো হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার বলেন, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য সংরক্ষিত। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব ও পৌর শহরের শৃঙ্খলা বজায় রাখতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।


তিনি আরও বলেন, ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডি আর ডি

মন্তব্য করুন: