তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শান্তিগঞ্জে আনন্দ মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শান্তিগঞ্জে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

২৫/১২/২০২৫ ২২:৫৬:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উদ্দীপ্তমূলক বক্তব্য, আনন্দ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি।


বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার গনিগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।


সুনামগঞ্জ জেলা মোটর চালক দলের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন,“তারেক রহমান শুধু একজন নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার প্রতীক। তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে আইনের শাসন, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।”


বক্তারা আরও বলেন,“দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের জন্য নতুন আশার আলো। মোটর চালক দলসহ বিএনপির সব অঙ্গসংগঠন ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে ভূমিকা রাখবে।”


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মুজিবুর রহমান মজুমদার, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, যুগ্ম সম্পাদক ছাব্বির আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম। এছাড়াও জেলা সদস্য আব্দুস শহিদ, আব্দুল কুদ্দুছ, শাহ আলম, রুকনুদ্দিন, জামাল হোসেন, রাব্বানী মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কর্মসূচি শেষে নেতাকর্মীদের মাঝে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে লিফলেট ও মিষ্টি বিতরণ করা হয়।

ফরহাদ আহমেদ ফয়সাল

মন্তব্য করুন: