মৌলভীবাজারে নিজ দলের লোকদের ধরতে প্রশাসনকে এমপির কড়া নির্দেশ!

মৌলভীবাজারে নিজ দলের লোকদের ধরতে প্রশাসনকে এমপির কড়া নির্দেশ!

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৪/১১/২০২৬ ১২:৪৬:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিজের দল বিএনপির অনেকেই মহিষ পাচার ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। তিনি জানান, কঠোর ব্যবস্থা নিতে আগেই প্রশাসনকে অবহিত করেছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখেননি তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে উপজেলায় মাদক, সীমান্ত চোরাচালান, চুরি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় কিশোর গ্যাং, চোরাচালান ও মানবপাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ সভায় বলেন, ‘আমার দলেরও অনেকে মহিষ পাচার ও মাদকের সাথে জড়িত রয়েছেন, আমার কাছে তথ্য আছে। আমি আগেই প্রশাসনকে অবহিত করেছিলাম বিএনপির কেউ মাদক ও মহিষ পাচারে সম্পৃক্ত পেলেই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে। কিন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ দেখিনি।’

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কিশোর গ্যাংয়ের অপতৎপরতাসহ জননিরাপত্তায় বিঘ্ন ঘটে, এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে থানার ওসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিচ্ছি। কিশোর গ্যাং আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।’

এ সময় থানার ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘রাতের বেলা আর যেন কোনো মহিষের (ভারতীয় চোরাই) গাড়ি চলাচল করতে না পারে।’ না হলে তিনি নিজেই চোরাই মহিষের গাড়ি আটক করাবেন বলেও জানান।

অপরাধ দমনে বিশেষ করে মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম এবং পল্লী বিদ্যুতের ডিজিএম খন্দকার মো. ফিরোজ কবির প্রমুখ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad