জকিগঞ্জে স্পিকারের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের আসন্ন জকিগঞ্জ সফর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিম এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু। সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোর্শেদ আলম লস্কর।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাফাদার।উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ ও সেক্রেটারি শিব্বির আহমদ রনি ও উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য স্পিকারের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে সার্বজনীন ও সফল করে তুলতে সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করতে নানা পরামর্শ ও মতামত তুলে ধরেন।
বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু বলেন, স্পিকারের এই আগমন জকিগঞ্জবাসীর জন্য সৌভাগ্যের। এ সুযোগকে কাজে লাগিয়ে জকিগঞ্জের জন্য স্পিকারের মাধ্যমে উন্নয়নমূলক কাজ আদায়ের চেষ্টা করা হবে। যেহেতু এটি স্পিকারের স্মৃতিবিজড়িত এলাকা, তাই তিনি জকিগঞ্জবাসীকে বিশেষ উন্নয়ন উপহার দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মোর্শেদ লস্কর / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: