জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের দিরাই উপজেলায় অভিযান চালিয়ে জগন্নাথপুরে এক কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি কাউছার ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
২১ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে দিরাই থানার চন্ডিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাউছার ইসলাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আহমেদাবাদ গ্রামের হারিছ উল্লাহর ছেলে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, ভুক্তভোগী কিশোরী জগন্নাথপুর থানার বুরাইয়া এলাকার বাসিন্দা। তার বাবা দিনমজুর এবং মা জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। অভিযুক্ত কাউছার ইসলাম কিশোরীর আপন চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে সে কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে কিশোরীর বাবা অভিযুক্তের পরিবারকে একাধিকবার জানালেও কোনো প্রতিকার পাননি। একপর্যায়ে কাউছারকে তাদের বাড়িতে আসতে নিষেধ করা হলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে।
মামলার বিবরণে জানা যায়, ১৬ জুলাই কিশোরীর বাবা এক সন্তানকে নিয়ে সিলেটের বিশ্বনাথ থানার রায়কেশী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের অন্য সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে কাউছার বাড়িতে গিয়ে কিশোরীর ভাইয়ের নাম ধরে ডাক দেয়। সরল বিশ্বাসে কিশোরী দরজা খুলে দিলে কাউছার ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে। এরপর গলা টিপে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। কিশোরীর কান্নার শব্দ শুনে তার ভাই ঘরে ঢুকলে সে ঘটনাটি জানায়। পরে তার ভাই কাউছারকে আটকে রাখেন।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্তের পক্ষ থেকে মীমাংসার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। পরে কিশোরীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৫০৬(২) ধারায় ৩০ সেপ্টেম্বর দায়ের করা মামলাটির নম্বর ২০।
মামলা হওয়ার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও সিপিসি-৩, সুনামগঞ্জের যৌথ দল চন্ডিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি কাউছার ইসলামকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, র্যাবের অভিযানে গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: