‘পরমাত্মার খোঁজে’ আনন্দন’র সাঁইজি স্মরণ: লালন দর্শনে মানবমুক্তির ডাক ও সাংস্কৃতিক সন্ধ্যা

‘পরমাত্মার খোঁজে’ আনন্দন’র সাঁইজি স্মরণ: লালন দর্শনে মানবমুক্তির ডাক ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রথম ডেস্ক

২১/১১/২০২৬ ১২:০৭:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতি-ধর্ম-বর্ণ ও শ্রেণিবৈষম্যের ঊর্ধ্বে উঠে কেবল ‘মানুষ’ হয়ে ওঠার যে সাধনা বাউল সম্রাট ফকির লালন সাঁই আজীবন করে গেছেন, তাঁর সেই অসাম্প্রদায়িক জীবনাচরণ ও দর্শন আজও সমাজের জীর্ণতা ভেঙে বৈপ্লবিক পরিবর্তনের পথ দেখায়। সাঁইজির সুর ও বাণী মানুষের অন্তরের সংকীর্ণতা দূর করে আত্মশুদ্ধি এবং সাম্যবাদের এক নতুন চেতনার জন্ম দেয়। মরমি এই সাধকের ১৩৬তম তিরোধান দিবস স্মরণে তাঁর জীবনদর্শন আলোচনা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘পরমাত্মার খোঁজে’।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সের ৫ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দন’ শিল্পীগোষ্ঠী।

আনন্দনের নির্বাহী সংগঠক এ কে আজাদের পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সাঁইজির বৈচিত্র্যময় জীবন ও কর্মের ওপর ‘লালন কথন’ পাঠ করেন লালনশিল্পী শহিদুল ইসলাম। এরপর সাঁইজির চিন্তা, দর্শন এবং আধুনিক মানুষের যাপিত জীবনে তাঁর গানের গভীর প্রভাব নিয়ে আলোচনায় অংশ নেন মাইনুদ্দীন ভূঁইয়া।

আলোচনায় বক্তারা বলেন, লালন সাঁই তাঁর জীবনাচরণে প্রথাগত ধর্মীয় ও সামাজিক ভেদাভেদকে প্রত্যাখ্যান করে মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। তাঁর গান কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং আত্ম-অনুসন্ধান ও সমাজ বদলের এক শক্তিশালী হাতিয়ার। অস্থির এই সময়ে সাঁইজির বাণী ধারণ করতে পারলে মানুষের চিন্তায় ও কর্মে এক ইতিবাচক ও বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে লালন ফকিরের কালজয়ী সব গান পরিবেশন করেন মাসফিদা আখতার, কিরণ মণ্ডল, পলি গুহ, তাপস ফ্রান্সিস ডি কস্তা, ফ্লোরেন্স জলি বালা, রণদা প্রসাদ সরকার, ববি সরকার, শহিদুল ইসলাম, রেনেসাঁ পারভীন, স্বপন দাস ও মাইনুল ইসলাম খান। শিল্পীদের দরদি কণ্ঠের অনবদ্য পরিবেশনা এবং সাঁইজির আধ্যাত্মিক বাণী ও সুরের মূর্ছনায় দীর্ঘ সময় ধরে আবিষ্ট হয়ে থাকেন উপস্থিত দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবির, আবিদ হোসেন অপু, আরিফ রহমান রিপন, সাবু ও স্বপনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad