মৌলভীবাজারে উজাড় হচ্ছে পাহাড়-টিলা, বাড়ছে রিসোর্ট

মৌলভীবাজারে উজাড় হচ্ছে পাহাড়-টিলা, বাড়ছে রিসোর্ট

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২১/১১/২০২৬ ১২:৪৪:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সবুজ অরণ্য আর পাহাড়-টিলার প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে মৌলভীবাজারে চলছে রিসোর্ট নির্মাণের এক বেপরোয়া প্রতিযোগিতা। শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে বনাঞ্চল ও পাহাড়ি ভূমি উজাড় করে গড়ে উঠেছে প্রায় ২০০ রিসোর্ট; যার অধিকাংশেরই নেই বৈধ অনুমোদন। এসব স্থাপনার পূর্ণাঙ্গ তালিকা বা তদারকি নেই প্রশাসনের কোনো দপ্তরে। এতে একদিকে যেমন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, তেমনি নামসর্বস্ব অনেক রিসোর্টের মালিকানা ও ভেতরের কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।সাত উপজেলার এই জেলায় ছোট-বড় প্রায় শতাধিক পর্যটনকেন্দ্র থাকলেও সরকারি বা বেসরকারিভাবে সামগ্রিক পর্যটন অবকাঠামোর কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। বরং পর্যটনের নাম ভাঙিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে রিসোর্ট ব্যবসা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালে মৌলভীবাজারকে পর্যটন জেলা ঘোষণা করা হয়। এরপর ২০১৩ সালে শ্রীমঙ্গলে প্রায় ১৩ একর জায়গার ওপর পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ যাত্রা শুরু করে। শুরুর কয়েক বছর নিয়মতান্ত্রিক ভাবে কিছু রিসোর্ট গড়ে উঠলেও গত তিন থেকে চার বছরে চিত্র বদলে গেছে। বাসাবাড়ি বা সামান্য জায়গা নিয়ে কয়েকটি কক্ষ বানিয়ে ‘রিসোর্ট’ নাম দেওয়া শুরু হয়েছে, যার সরকারি বৈধতা নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ২০০ রিসোর্টের মধ্যে শ্রীমঙ্গলেই রয়েছে প্রায় ১০৩টি। এর মধ্যে রাধানগর এলাকায় অন্তত ৪০ থেকে ৪৫টি রিসোর্ট রয়েছে।অন্যদিকে কমলগঞ্জ উপজেলায় বন বিভাগের জমি দখল করে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক অবৈধ রিসোর্ট। টিলা কেটে তৈরি করা হচ্ছে রাস্তা ও স্থাপনা। মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও, নূরজাহান, পুরানবাড়ি এবং সদর ইউনিয়নের ছাতকছড়া এলাকায় বনভূমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহল, বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাংশের যোগসাজশে ঢাকার বড় কোম্পানিগুলো এসব প্রকল্পে বিনিয়োগ করছে বলে অভিযোগ রয়েছে।নিরাপত্তা ও অনুমোদন ঘাটতি

স্থানীয় মূলধারার রিসোর্ট ব্যবসায়ীদের ভাষ্য, কয়েক শতক জমি কিনে কয়েকটি কক্ষ বানিয়েই অনেকে রিসোর্ট খুলে বসছেন। স্থানীয় বাসিন্দা বা পর্যটনসংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় না করায় অনেক প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা বা নৈশপ্রহরী পর্যন্ত নেই। মালিক নিজেই ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অপ্রীতিকর ঘটনার পর রাতারাতি নাম বদলে ফেলার মতো ঘটনাও ঘটেছে।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন বলেন, ‘শ্রীমঙ্গলে প্রায় ১০৩টি রিসোর্ট আছে। পাহাড়ি এলাকায় বা কোথাও রিসোর্ট করতে হলে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদের অনুমতি নিতে হয়। প্রকৃত রিসোর্টের সংখ্যা বললে শ্রীমঙ্গলে ১০ থেকে ১২টি হবে। দুই শতক জায়গা কিনে কয়েকটি কক্ষ বানালেই রিসোর্ট হয় না। আমরা নিয়মিত পৌরসভাকে লাখ টাকার বেশি কর দিচ্ছি।’

একই সংস্থার সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমদ বলেন, ‘জেলায় প্রায় ২০০ রিসোর্টের মধ্যে শ্রীমঙ্গলেই ১০০টির বেশি রয়েছে। অথচ প্রকৃত অর্থে ১০ থেকে ১২টি রিসোর্টকে মানসম্মত বলা যায়। অনুমোদনে কড়াকড়ি থাকলে সংখ্যাটি এত বাড়ত না।’শ্রীমঙ্গল পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের ভেতরের প্রায় ৩০টি রিসোর্ট ও কটেজ পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়েছে; বাইরেরগুলোর ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের লাইসেন্স নেওয়ার কথা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদের সদস্য আ স ম সালেহ সোহেল বলেন, ‘পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে রিসোর্ট বানানো হচ্ছে। প্রাণীদের আবাসস্থল ধ্বংস করে টিলার ওপর কেন স্থাপনা হবে? বৈধ-অবৈধ যাচাইয়ে কার্যকর তদারকি দেখা যায়নি। দ্রুত একটি স্পষ্ট নীতিমালা প্রয়োজন।’মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম জানান, সাধারণত ২০ বা তার বেশি কক্ষের রিসোর্টগুলো পরিবেশগত ছাড়পত্রের আওতায় আসে। জেলার প্রায় ৫০ থেকে ৬০টি রিসোর্ট ছাড়পত্র নিয়েছে; বাকিগুলোর অনুমোদন সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে নেই।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ‘কে রিসোর্ট করছে, কার অনুমতি নিচ্ছে—এসব বিষয়ে আমাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই। আমরা একটি তালিকা তৈরি করছি। রিসোর্ট নির্মাণ ও পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা ও প্রজ্ঞাপন জরুরি।’কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা রিসোর্ট ও পর্যটন স্থাপনাগুলোর জমির মালিকানা, নির্মাণ অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র যাচাই করা প্রয়োজন। সরকারি জমি, বনভূমি বা পরিবেশের ক্ষতির সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ পেলে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে খতিয়ে দেখা হবে।’

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন জানান, জেলা প্রশাসনের পর্যটন সেল মূলত তিন ও পাঁচ তারকা মানের হোটেল-রিসোর্ট তদারকি করে। ছোটখাটো রিসোর্টের বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। তালিকা তৈরির জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যটন উন্নয়নে নতুন পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad