অপরূপ সাজে দেউন্দি শাপলা বিল, মুগ্ধ পর্যটকরা

অপরূপ সাজে দেউন্দি শাপলা বিল, মুগ্ধ পর্যটকরা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/১১/২০২৬ ১৩:৩৫:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান সংলগ্ন শাপলা বিল সেজেছে অপরূপ সাজে। পর্যটকে মুখরিত এ বিল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকের ঢল নামে সেখানে। শাপলার বিল আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে জেলার বিভিন্ন স্থান থেকে সেখানে গিয়ে জড়ো হচ্ছেন নানা বয়সী মানুষ।

দেখা গেছে, বিলজুড়ে ফুটে আছে হাজার হাজার গোলাপি শাপলা। পেছনে চা বাগানের সবুজ টিলা আর সামনে গোলাপি ফুলের সমারোহ, এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। মোটরসাইকেল নিয়ে দূর-দূরান্ত থেকে আসছেন তরুণ পর্যটকরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউবা প্রিয়জনের জন্য কিনছেন তাজা শাপলা ফুল।

শাপলা বিলকে ঘিরে স্থানীয় শিশু ও শ্রমিক পরিবারের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আয়ের সুযোগ। ছোট ছোট শিশুরা ঝুড়ি ভরে শাপলা তুলে বিক্রি করছে। এক ঝুড়ি ফুল মাথায় নিয়ে হাঁটছে এক কিশোর। আরেক শিশু গুচ্ছ বেঁধে ফুল বিক্রি করছে পর্যটকদের কাছে। পর্যটকদের কাছ থেকে পাওয়া এই আয়ে খুশি তারা।

সিলেট থেকে ঘুরতে আসা লিমন নামের এক পর্যটক বলেন, ফেসবুকে ছবি দেখে এসেছি। সামনাসামনি দেখে আরও বেশি মুগ্ধ হয়েছি। আসা যাওয়ার দুই পাশের রাস্তা অনেক বেশি চমৎকার। এত সুন্দর শাপলা বিল বাংলাদেশে আর আছে বলে জানতাম না।

ঢাকা থেকে আসা মরিয়ম নামের এক পর্যটক বলেন, চা বাগান আর শাপলা বিল একসঙ্গে, এটা সত্যিই অসাধারণ। সকালের আলোতে বিলটা আরও বেশি সুন্দর লাগে। রাতে গাড়িতে উঠে ভোরে এসেছি যদি একটা ওয়াস ব্লক থাকত তাহলে অনেক সুবিধা হতো।

পর্যটন নিয়ে কাজ করা ইম্পেরিয়াল গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান জুমেল বলেন, দেউন্দি শাপলা বিল শুধু চুনারুঘাটের নয়, সারা বাংলাদেশের একটি অন্যতম সুন্দর পর্যটন স্পট হতে পারে। সাতছড়ি জাতীয় উদ্যান, চা বাগান আর শাপলা বিল, এই তিনটি মিলে চুনারুঘাটকে একটি পূর্ণাঙ্গ ট্যুরিজম জোন হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এখানে পর্যটকদের জন্য বসার জায়গা, ওয়াচ টাওয়ার, নৌকা ভ্রমণ, নিরাপদ পার্কিং এবং স্থানীয় খাবারের ব্যবস্থা করা গেলে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে, এলাকার অর্থনীতি চাঙ্গা হবে। আমরা ইম্পেরিয়াল গ্রুপের পক্ষ থেকে চুনারুঘাটের পর্যটন বিকাশে কাজ করতে আগ্রহী।

স্থানীয়দের দাবি, পরিকল্পিত উদ্যোগ নিলে দেউন্দি শাপলা বিল হতে পারে হবিগঞ্জের অন্যতম সেরা পর্যটন স্পট। দ্রুত শাপলা বিল এরিয়া টি পর্যটন স্পট ঘোষণা করে দ্রুত ওয়াস ব্লক ও নিরাপত্তা জোরদার করার দাবি করেন। সাতছড়ি জাতীয় উদ্যান, চা বাগান আর এই শাপলা বিল মিলিয়ে চুনারুঘাটকে পর্যটনের নতুন হাব হিসেবে গড়ে তোলা সম্ভব। তবে পর্যটকদের ফুল ছিঁড়ে বিল নষ্ট না করা এবং পরিবেশ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে দেউন্দি চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন বলেন, শাপলা বিল এলাকা দেউন্দি চা বাগানের সরকার থেকে লিজ নেওয়া সম্পত্তি। এখানে সরকার ঘোষিত কোনো পর্যটন কেন্দ্র নয়। হাজার হাজার পর্যটকদের আগমনের ফলে চা বাগানের ক্ষতি হচ্ছে। চা বাগানের উৎপাদন ব্যাহত হচ্ছে। পর্যটকদের কেউ কেউ ছবি-ভিডিও করতে এসে এখানে মারামারির মতো ঘটনা ঘটাচ্ছে। চা বাগানের মানুষের নিরাপত্তা নষ্ট হচ্ছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, দেউন্দি শাপলা বিল চুনারুঘাটের জন্য একটি বড় প্রাকৃতিক সম্পদ। এই বিলের সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমরা এরই মধ্যে বিলের পরিবেশ রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয়দের জন্য সুশৃঙ্খল পর্যটন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে পরিকল্পনা করছি।

তিনি আরও বলেন, পর্যটকদের অনুরোধ করব, আপনারা ফুল ছিঁড়ে বিল নষ্ট করবেন না, পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না। বিলের সৌন্দর্য টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পর্যটকদের ওয়াশরুম করার দাবির কথা জানালে তিনি বলেন, জায়গাটা মূলত দেউন্দি চা বাগানের অনুকূলে আছে। বাগান কর্তৃপক্ষ চাইলে অবশ্যই সেখানে একটা সুন্দর দৃষ্টিনন্দন ওয়াশ ব্লক স্থাপন করে দেওয়া হবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad