শাল্লায় ৩০০ লিটার দেশীয় চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৩০০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. সোহেল মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর দিবাগত রাতে উপজেলার বাহাড়া ইউনিয়নের প্রতাপপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সোহেল মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মুরাদ পুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, সুনামগঞ্জ মহোদয়ের নির্দেশনাক্রমে এবং অতিরিক্ত পুলিশ সুপার, দিরাই সার্কেলের তত্ত্বাবধানে শাল্লা থানার এসআই (নি :) মো. কামাল উদ্দিন ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বাহাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত আড়াইটার দিকে প্রতাপ পুর (শ্মশানঘাট) এলাকা থেকে ৩০০ তিনশত লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. সোহেল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে, ( মামলা নং ৩ ) আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, মাদকের বিরুদ্ধে শাল্লা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিশিকান্ত সরকার/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: