ইউএন’র হুশিয়ারি
তাহিরপুরে পাতারগাঁও ঘাট ও চাটাই পারাপার উন্মুক্ত, টোল আদায় করলেই ব্যবস্থা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাতারগাঁওয়ের হোসনার ঘাটে চলাচলের সুবিধার্থে ঘাট ও চাটাই পারাপার সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে উক্ত স্থানে কোনো ধরনের টোল বা টাকা আদায় করা হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে এ সংক্রান্ত ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, ঘাট ও চাটাই জনসাধারণের জন্য উন্মুক্ত করতে সহযোগিতা করায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানানো হচ্ছে। একই সাথে, ভবিষ্যতে কেউ উক্ত স্থানে টোল দাবি করলে তা প্রদান না করে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নদী ও খালের পানি শুকিয়ে যাওয়ার পরও পাতারগাঁও খেয়াঘাটে সাধারণ মানুষের চলাচলের পথ আটকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছিল। প্রশাসনের এই সময়োপযোগী ও কার্যকরি পদক্ষেপের ফলে অবৈধ টোল আদায়ের ভোগান্তি থেকে সাধারণ মানুষ চড়ান্ত মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শামসুল আলম আখঞ্জী/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: