সিলেটে এসএমপির নতুন অভিযানে আতঙ্কে সাধারণ মানুষ!
নগরীতে ছিনতাই, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনের অজুহাতে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) শুরু করেছে বিশেষ অভিযান। তবে আইনশৃঙ্খলা সুরক্ষার দোহাই দিয়ে রাতে অকারণে রাস্তায় আড্ডা দেওয়া বা সন্দেহভাজন ব্যক্তিদের ঢালাওভাবে আটকের যে ঘোষণা দেওয়া হয়েছে, তাতে অপরাধ দমনের চেয়ে সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি বাড়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত ১০টায় নগরীর চৌহাট্টা এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে অভিযানের আনুষ্ঠানিক দিকনির্দেশনা দেন এসএমপির উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম। পুলিশ জানিয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দশ সদস্যের পৃথক টিম দায়িত্ব পালন করবে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও আটক করা হবে। নিয়মিত মামলার আসামি ও কিশোর গ্যাংয়ের পাশাপাশি যেসব কিশোর বা তরুণ রাতে অলিতে-গলিতে আড্ডা দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
অভিযানের যৌক্তিকতা তুলে ধরে উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সিলেটে যেসব চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে, তার অধিকাংশই কিশোর ও তরুণদের মাধ্যমে ঘটে থাকে। সাধারণ মানুষের রাতের যাতায়াত নির্বিঘ্ন করতে এ অভিযান চলবে। আমরা বার্তা দিতে চাই, কোনো প্রয়োজন ছাড়া রাতে অলিতে-গলিতে বাজে ছেলেদের সাথে আড্ডা দেওয়া যাবে না, দিলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।”
তবে পুলিশের এই ঢালাও অবস্থান ও সরাসরি আটকের কঠোর হুশিয়ারি নিয়ে উদ্বেগের জায়গা রয়েছে। কোনো সুস্পষ্ট অভিযোগ বা অপরাধের প্রমাণ ছাড়া কেবল ‘সন্দেহ’ বা ‘রাস্তায় আড্ডা’ দেওয়ার অজুহাতে তরুণদের ধরে নেওয়া আইনগত ও সামাজিকভাবে কতটা গ্রহণযোগ্য—তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।
পুলিশের এই অনিয়ন্ত্রিত ক্ষমতার প্রয়োগে অনেক নিরপরাধ সাধারণ পথচারী, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ অহেতুক পুলিশি হয়রানি ও বিড়ম্বনার শিকার হতে পারেন। অপরাধীদের আইনের আওতায় আনার বদলে সাধারণ মানুষকে ভয়ে রাখার এমন নীতি নগরে নতুন করে বিব্রতকর ও হয়রানিমূলক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: