তাহিরপুরে খেয়াঘাটে দুই পাড়ে ডাবল ভাড়া আদায়ের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাঠানপাড়া-মিয়ারচর খেয়াঘাটে যাত্রী ও মালামাল পারাপারে দুই পাড়ে দুই পক্ষের অতিরিক্ত ভাড়া আদায় এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় বাদাঘাট বাজার বণিক সমিতি ও ভুক্তভোগী জনগণের যৌথ উদ্যোগে বাদাঘাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নদীটির পূর্ব পাড়ে দেবোত্তর এস্টেটের ইজারাদার দাবি করে 'শিশির গং' এবং পশ্চিম পাড়ে জেলা পরিষদের ইজারাদার দাবি করে 'ওয়াহিদ গং' পৃথকভাবে ভাড়া আদায় করছে। দুই কর্তৃপক্ষের টানাটানিতে এক মাস ধরে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও ব্যবসায়ী চরম হয়রানির শিকার হচ্ছেন। এক পারাপারেই বাধ্য হয়ে দুবার টোল দিতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, "একই ঘাটে দুই পাড়ে পৃথক টোল আদায় দেশের আর কোথাও নেই। আমরা সরকারি নির্ধারিত টোল দিতে প্রস্তুত, কিন্তু দুই পক্ষকে দিতে পারি না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকার বৈধ ইজারাদার নির্ধারণ না করলে দুপক্ষকেই উচ্ছেদ করে ঘাট উন্মুক্ত করে দেওয়া হবে।"
বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "৭২ ঘণ্টার মধ্যে সমাধান না হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে ঘাটের নিয়ন্ত্রণ নেওয়া হবে।"
ব্যবসায়ী ইসলাম উদ্দিন আক্ষেপ প্রকাশ করে বলেন, "গত ৩-৪ সপ্তাহ ধরে এই অবৈধ টোল আদায় ও হয়রানি চললেও জেলা ও উপজেলা প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা নিয়মিত ট্যাক্স দিচ্ছি, অথচ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। অতি দ্রুত এর স্থায়ী সমাধান চাই।"
মানববন্ধনে বক্তারা অবৈধ টোল আদায় বন্ধ করে অবিলম্বে নির্ধারিত হারে টোল আদায়ের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দাবি মানা না হলে ৭২ ঘণ্টা পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাদাঘাট বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মাওলানা মোখলেসুর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আমির শাহ, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হেলু মিয়া এবং ব্যবসায়ী জুবায়ের আহমদ ও সাজ্জাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লতিফুর রহমান রাজু/রত্না বাউরী
মন্তব্য করুন: