ছাতকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের ২০ লাখ টাকা অনিয়মের অভিযোগ

ছাতকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের ২০ লাখ টাকা অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১০/০৮/২০২৬ ১৫:৩৬:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও ১০টি রাজস্ব খাতে বরাদ্দ করা প্রায় ২০ লাখ টাকার প্রকল্প প্রণয়নে অনিয়ম ও একক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান অদুদ আলমের বিরুদ্ধে।

এ ঘটনায় ইউনিয়নের ৬ জন সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বিতর্কিত প্রকল্প তালিকা বাতিল করে সকল সদস্যের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে নতুন প্রকল্প তালিকা করার দাবি জানানো হয়।

অভিযোগকারী সদস্যদের দাবি, বিধিমোতাবেক পরিষদের সাধারণ সভায় মতামত গ্রহণ এবং এলাকার প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প নির্ধারণ করার কথা। কিন্তু চেয়ারম্যান অদুদ আলম সদস্যদের অন্ধকারে রেখে নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে এককভাবে তালিকা জমা দিয়েছেন। এর ফলে এলাকার প্রকৃত উন্নয়ন ব্যাহত হওয়া ও বরাদ্দের অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, চেয়ারম্যান অদুদ আলমের বিরুদ্ধে ইতিপূর্বেও নলকূপ স্থাপনে অর্থ নেওয়া, জন্মনিবন্ধন সনদ প্রদানে স্বজনপ্রীতি ও অনিয়মের মতো অভিযোগ উঠেছে।

তবে সকল অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান অদুদ আলম জানান, ইউনিয়নের সদস্যদের সাথে আলোচনা এবং তাঁদের স্বাক্ষর নিয়েই প্রকল্প জমা দেওয়া হয়েছে। কাগজে সবার স্বাক্ষর রয়েছে বলে তিনি দাবি করেন।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন জানান, ২০ লাখ টাকার বরাদ্দ নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad