ঝুঁকিপূর্ণ ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে মিলছে না সংস্কার

১৩ কিলোমিটার জুড়ে খানাখন্দ

ঝুঁকিপূর্ণ ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে মিলছে না সংস্কার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৪/০৮/২০২৬ ১৮:৪১:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ছাতক-গোবিন্দগঞ্জ সড়কটি এখন চরম বেহাল দশায় পরিণত হয়েছে। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কের অন্তত ১০টি স্থানে সৃষ্টি হয়েছে ভয়াবহ ভাঙন ও এক থেকে দেড় ফুট গভীর খানাখন্দ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি যাত্রীদের কাছে কার্যত 'মরণফাঁদে' রূপ নিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, তকিপুর এলাকায় সড়ক জুড়ে প্রায় ৩০০ ফুট অংশে তৈরি হয়েছে বিশালাকার গর্ত। ঝাওয়া পুলিশ বক্সের উত্তর ও দক্ষিণ পাশে ২০০ ফুট এলাকাজুড়ে রয়েছে একের পর এক গভীর খানাখন্দ। এ ছাড়া সুফিনগর, তাজপুর, হাসনাবাদ, মাধবপুর, হাসান চত্বর, ২ নম্বর সেতু এলাকা ও রহমতবাগসহ ১০টি স্থানে একই করুণ চিত্র দেখা গেছে।

একদিকে খানাখন্দ, অন্যদিকে ঝাওয়া থেকে তাজপুর পর্যন্ত সড়কের দুই পাশে ঝোপঝাড় ও জঙ্গল গজিয়ে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে হাসনাবাদ থেকে গোবিন্দগঞ্জ অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিভিন্ন স্থানে সড়ক দেবে ঢেউখেলানো আকার নেওয়ায় পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ভুক্তভোগীদের মতে, অতীতে এই ১২ কিলোমিটার পথ পার হতে ২০ মিনিট লাগলেও সড়কটির করুণ দশার কারণে এখন দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। নিয়মিত যানজটের পাশাপাশি মুমূর্ষু রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে পোহাতে হচ্ছে অবর্ণনীয় ভোগান্তি। চালকরা জানান, গর্তে পড়ে যানবাহনের যন্ত্রাংশ নিয়মিত বিকল হচ্ছে এবং ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ভারী যানবাহন যেকোনো সময় উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জ জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, "উপজেলার অন্যতম এই প্রধান সড়কটি এখন যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। হাজার হাজার মানুষের কষ্ট লাঘবে এটি দ্রুত সংস্কার করা জরুরি।"

এ প্রসঙ্গে ছাতক সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সাদাৎ হোসেন জানান, সড়কের নাজুক পরিস্থিতির বিষয়ে তারা অবগত আছেন। জনদুর্ভোগ কমাতে ক্ষতিগ্রস্ত অংশগুলোতে খুব শিগগিরই মেরামতের কাজ শুরু হবে।

সুজন তালুকদার/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad