সিলেটে অবৈধ পাথর উত্তোলনে টাস্কফোর্সের অভিযান, আটক ৮
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজারসংলগ্ন বালুমহালে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে অবৈধ কাজে ব্যবহৃত তিনটি নৌকার বডি ফুটো করে ডুবিয়ে দেওয়ার পাশাপাশি আটজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় বালু ও নুড়ি পাথর পরিবহনে ব্যবহৃত তিনটি নৌকার বডি ফুটো করে পানিতে ডুবিয়ে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়।
তবে এই অভিযানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বালুমহালের ইজারাদার আব্দুল মান্নান। তার দাবি, বৈধ ইজারাকৃত এলাকার মধ্যেই অভিযান চালিয়ে নৌকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি বলেন, ‘বালু উত্তোলনের সময় স্বাভাবিকভাবেই কিছু নুড়ি পাথর উঠে আসে। আমরা আলাদাভাবে কোনো পাথর উত্তোলন করছি না। কোনো অনিয়ম হয়ে থাকলে প্রশাসন জরিমানা করতে পারত। কিন্তু এভাবে নৌকা ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করা সমীচীন হয়নি।’
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আর আর
মন্তব্য করুন: