সুনামগঞ্জে এক রাতেই শিয়ালের কামড়ে আহত ১৫
সুনামগঞ্জের ধর্মপাশায় এক রাতেই শিয়ালের অতর্কিত আক্রমণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ধর্মপাশা, মধ্যনগর, মোহনগঞ্জ ও খালিয়াজুড়িতে কুকুর ও বিড়ালের কামড়ে আরও ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁদের জলাতঙ্ক প্রতিষেধক (ভ্যাকসিন) ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আকস্মিক এই ঘটনায় এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা গ্রাম, কামলাবাজ, ফাতেমানগর, হলিদাকান্দা, নোয়াবন ও জয়শ্রী ইউনিয়নে শিয়ালের আক্রমণে অন্তত ১৫ জন আহত হন। অন্যদিকে সেলবরষ ইউনিয়ন, মধ্যনগর, মোহনগঞ্জ ও খালিয়াজুড়িতে কুকুর ও বিড়ালের কামড়ে নারী ও শিশুসহ আরও ৮ জন আক্রান্ত হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সুবীর সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। তিনি বলেন, সন্ধ্যা ও রাতে নির্জন বা কম আলোতে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাতে একা চলাফেরা না করাই ভালো।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: