সুনামগঞ্জে ৫ কোটি টাকার ইউপি ভবনের পরিকল্পনা

সুনামগঞ্জে ৫ কোটি টাকার ইউপি ভবনের পরিকল্পনা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/০৭/২০২৬ ১৩:৫১:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ থেকে নৌপথে বাংলাবাজারে অবস্থিত বর্তমান ইউনিয়ন পরিষদ ভবন এবং প্রস্তাবিত নতুন ভবনের স্থান পরিদর্শন করেন এলজিইডির প্রকল্প পরিচালক (ইউনিয়ন কমপ্লেক্স, ইস্কম প্রকল্প) ইঞ্জিনিয়ার এইচ. এম. রফিকুল ইসলাম, এলজিইডি সদর দপ্তরের ডিজাইন ইউনিটের নির্বাহী প্রকৌশলী বিভূতি মোহন পাল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রকৌশলী মো. আমির হোসেন, উপজেলা বিএনপির স্বাক্ষরপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আয়াতুল জামান, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, ইউপি সচিব অধির রঞ্জন দাসসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের আহ্বানে তারা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। ভবন নির্মাণের জন্য স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছায় জমি দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও তারা জানান।

প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নতুন ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

দীর্ঘদিনের পুরোনো ভবনের পরিবর্তে আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত নির্মাণকাজ শুরু ও নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

সুজন / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad