সিলেটে কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ

সিলেটে কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রথম ডেস্ক

০৬/০৭/২০২৬ ০৭:৪৭:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সিলেট জেলা প্রশাসন। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম।


আদালত সূত্র জানায়, গত ২২ জুন সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। পরে সেই আদেশের অনুলিপি ডাকযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় এবং রোববার তা নথিভুক্ত করা হয়েছে।


অফিস আদেশ অনুযায়ী, গত ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার দেওয়া নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে মরদেহ উত্তোলন করা হবে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৭৬(২) ধারা অনুযায়ী কবর থেকে মরদেহ উত্তোলনের সময় উপস্থিত থেকে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।


এর আগে গেল ২৪ মে অভিনেতার মৃত্যুর রহস্য উদঘাটনের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন আদালত। ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ সালমান শাহর লাশ তোলার আবেদন করেছিলেন।


এরপর ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর (কুমকুম) লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করার আদেশ দেন।


গেল বছরের ২১ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা করেন তার মামা আলমগীর কুমকুম। এর আগের দিন ২০ অক্টোবর দুপুরে প্রয়াত এই নায়ক কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল, তা জানতে সালমান হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত।


আলমগীর কুমকুম তার মামলায় প্রথম আসামি হিসেবে অভিযুক্ত করেন সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হককে। অন্যান্য আসামি হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন। সালমান শাহকে হত্যা মামলায় তার প্রাক্তন স্ত্রীসহ মোট ১১ জনের নাম রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad