দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বালাগঞ্জে দুই বিএনপি নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বালাগঞ্জে দুই বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, বালাগঞ্জ

০৫/০৭/২০২৬ ২৩:১৬:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


শনিবার (৫ জুলাই, ২০২৬) বালাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রেরিত থেকে এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির দুই নেতার বিরুদ্ধে উত্থাপিত সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত ও সাংগঠনিক পর্যালোচনার ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দুই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বহিষ্কৃত নেতারা হলেন দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য আব্দুল জলিল এবং দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সদস্য ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত দুই নেতাকে দলীয় পদসহ সকল পর্যায়ের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী বা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে দলীয়ভাবে কোনো ধরনের যোগাযোগ বা সাংগঠনিক সম্পর্ক রাখবেন না। এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য দলের সকল স্তরের নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত অনুমোদন করেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী এবং বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad