চরম দুর্ভোগে হাজারো মানুষ
চুনারুঘাটের রাজার বাজার-বাসুল্লা সড়ক এখন মরণফাঁদ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার থেকে বাসুল্লা পর্যন্ত দীর্ঘ সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের হাজার হাজার মানুষকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে সড়কটিতে কোনো ধরনের সংস্কার কাজ না হওয়ায় বর্তমানে পিচ ও ইট উঠে গিয়ে অসংখ্য বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে এবং সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এবং যানবাহনের চালকেরা জানিয়েছেন যে, ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই গাড়ির মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে বিকল হয়ে পড়ছে গাড়ি। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, সড়কটির এই চরম দুরবস্থার কথা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এবং সামনে পুরোদমে বর্ষা মৌসুম শুরু হতে চলায় তাদের আতঙ্ক ও ক্ষোভ আরও বেড়েছে। এলাকাবাসীর প্রশ্ন—সাধারণ মানুষের এই দীর্ঘদিনের কষ্ট দেখার কি কেউ নেই? তারা অবিলম্বে সড়কটি টেকসই সংস্কার করে নিরাপদ যোগাযোগের নিশ্চয়তা চেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, সড়কটির বেহাল দশার বিষয়ে তারা পুরোপুরি অবগত আছেন এবং এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে দ্রুত সড়কটি সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এ রহমান
মন্তব্য করুন: