হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আব্দুর রহিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
আজ সোমবার (৮ জুন) রাত পৌনে ৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯।
গ্রেফতারকৃত আব্দুর রহিম মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুরে র্যাব-৯ -এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ধর্ষিতা কিশোরী মাধবপুর উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা এবং তিনি প্রতিবন্ধী।
মামলার অভিযোগে বলা হয়, গত ২ জুন রাতে অসুস্থ বাবার চিকিৎসার কথা বলে কবিরাজ পরিচয়ে আব্দুর রহিমকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যদের অচেতন করে রাতে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর মামা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
সিলেট র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন- মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ফয়সল চৌধুরী /ডি আর ডি
মন্তব্য করুন: