গোয়াইনঘাটে মডেল মসজিদে হিন্দি গানে তরুণীর টিকটক

সালিশে ক্ষমা চাইলেন জোড়হাতে

গোয়াইনঘাটে মডেল মসজিদে হিন্দি গানে তরুণীর টিকটক

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

৩১/০৫/২০২৬ ১৬:৪৫:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদের ভেতরে এক তরুণীর টিকটক ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পবিত্র ধর্মীয় স্থানের ভাবগাম্ভীর্য নষ্ট করে তৈরি করা ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয়ভাবে সালিশ বৈঠক ডাকা হয়। সেখানে নিজের ভুলের জন্য সবার সামনে জোড়হাতে ক্ষমা চেয়েছেন ওই তরুণী।


স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই তরুণী গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদের ভেতরে একটি হিন্দি গানের সাথে টিকটক ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। একটি পবিত্র ধর্মীয় উপাসনালয়ের ভেতর এমন ভিডিও তৈরির বিষয়টি দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনরা তীব্র নিন্দা জানিয়ে ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষার দাবি তোলেন।


স্থানীয় এক বাসিন্দা বলেন, "মসজিদ আল্লাহর ঘর, এখানে মানুষ ইবাদত করতে আসে। এমন পবিত্র জায়গায় এভাবে গান বাজিয়ে ভিডিও তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।"


ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি সমাধানে উদ্যোগ নেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। এরই প্রেক্ষিতে একটি সামাজিক সালিশ বৈঠকের আয়োজন করা হয়।


সালিশে উপস্থিত সবার সামনে ওই তরুণী নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, না বুঝেই তিনি এই কাজটি করে ফেলেছেন। ভবিষ্যতে ধর্মীয় বা যেকোনো সংবেদনশীল স্থানে এ ধরনের কর্মকাণ্ড আর কখনো করবেন না মর্মে তিনি সবার কাছে জোড়হাতে ক্ষমা চান। তরুণী নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হওয়ায় এবং সবার কাছে ক্ষমা চাওয়ায় উপস্থিত সকলে বিষয়টি সেখানেই মীমাংসা করে দেন।


এদিকে এই ঘটনার পর স্থানীয় আলেম সমাজ ও সচেতন মহল তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বিনোদন বা ভিউ পাওয়ার আশায় যেকোনো পবিত্র বা স্পর্শকাতর স্থানের মর্যাদা ক্ষুণ্ণ করা মোটেও উচিত নয়। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে তরুণ-তরুণীদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad