অনিয়ম বিতর্কের মুখে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, কলেজ তহবিলের টাকায় ব্যক্তিগত বাজার ও ইউটিলিটি বিল পরিশোধ এবং সরকারি বাসভবন ও গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. তোফাজ্জল আলীর বিরুদ্ধে। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনিয়মের অভিযোগ সামনে আসায় জেলার সচেতন মহল, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ৩ মে উপাধ্যক্ষ হিসেবে যোগদানের দিনই তৎকালীন অধ্যক্ষ বদলি হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান প্রফেসর মো. তোফাজ্জল আলী। দায়িত্ব গ্রহণের পর থেকেই কলেজের বিভিন্ন কেনাকাটা ও উন্নয়ন খাতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।
চলতি বছরের ১৪ মে শহরের এম সাইফুর রহমান রোডের ‘শাওন স্পোর্টস’ থেকে ৫০ হাজার টাকার ক্রীড়া সামগ্রী কেনা দেখানো হয়। তবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শেখর রায় জানান, ওই তারিখে বা চলতি বছর মহিলা কলেজে তাঁদের দোকান থেকে কোনো মালামাল সরবরাহ করা হয়নি; বিলটি সম্পূর্ণ ভুয়া। একইভাবে ‘সাথী সায়েন্টিফিক স্টোর’ থেকে ২ লাখ ২৫ হাজার ৭৭৫ টাকার গবেষণাগারের সরঞ্জাম কেনার বিল পরিশোধ দেখানো হলেও বাস্তবে এক টাকার মালামালও কলেজে সরবরাহ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া নিয়মবহির্ভূতভাবে বিজ্ঞান ভবনে অধ্যক্ষের কার্যালয় স্থানান্তর করে কলেজ তহবিল থেকে ৭ লাখ টাকা ব্যয়ে ডেকোরেশন এবং ৪ লাখ টাকার আসবাবপত্র কেনার ক্ষেত্রেও বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
অর্থ আত্মসাতের পাশাপাশি সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত সেপ্টেম্বর মাস থেকে তিনি অনুমতি ছাড়াই অধ্যক্ষের সরকারি বাসভবনে বসবাস করছেন এবং সেখানে কলেজের বিজ্ঞান ভবনের ফ্রিজ ও বুকশেলফ নিয়ে ব্যবহার করছেন বলে জানা গেছে। এমনকি তাঁর বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি ও ওয়াই-ফাই বিলসহ ব্যক্তিগত খাবারের বাজারও কলেজ তহবিল থেকে পরিশোধ করা হয় বলে অভিযোগ উঠেছে।
পাশাপাশি কলেজের সরকারি গাড়ি নিয়ে একাধিকবার ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে যাওয়া এবং সিলেট ও শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে ব্যক্তিগত ও ঘোরাঘুরির কাজে ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগও সামনে এসেছে। ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষায় ৩৩৩ জন শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত ৩০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা করে আদায় করা হয়েছে। এ ছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া সত্ত্বেও দাপ্তরিক চিঠি, বার্ষিক মিলাদের দাওয়াতপত্র এবং কার্যালয়ের নেমপ্লেটে নিজেকে ‘অধ্যক্ষ’ হিসেবে উল্লেখ করায় শিক্ষক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী অভিযোগ করেন, তিনি যেকোনো বিষয়ে উত্তেজিত হয়ে কথায় কথায় চাকরিচ্যুতির হুমকি দেন।
এ বিষয়ে কলেজের পাঁচ সদস্যের উন্নয়ন, মেরামত ও ক্রয় ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উৎপল সাহা জানান, জুনে এক মাসের প্রশিক্ষণে থাকায় তিনি কাজে যুক্ত হতে পারেননি এবং মৌখিকভাবে তাঁকে কমিটি থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। কমিটির আরেক সদস্য বাংলা বিভাগের প্রভাষক মো. রাসেল আহমদ পারিবারিক ব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না বলে জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. তোফাজ্জল আলী মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা জানিয়ে পরদিন কলেজে গিয়ে দেখা করার অনুরোধ করেন। তবে বিনা অনুমতিতে সরকারি বাসভবনে বসবাসের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, কর্তৃপক্ষ চাইলে তিনি সরকারকে ভাড়া পরিশোধ করবেন। যদিও আর্থিক ও প্রশাসনিক অন্যান্য অভিযোগের প্রশ্ন তিনি এড়িয়ে যান।
কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: