প্রথম সিলেট প্রকাশক শামীম চৌধুরীর ঈদ শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রথম সিলেট এর প্রকাশক শামীম চৌধুরী। একই সঙ্গে তিনি সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “ঈদুল আজহা মূলত আত্মত্যাগের এক অনন্য উৎসব। এই উৎসবের মূল শিক্ষাই হলো ত্যাগ ও উৎসর্গ। পবিত্র কোরআনের আলোকেই আমরা জানি, কোরবানির পশুর মাংস বা রক্ত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না; বরং যা পৌঁছায় তা হলো মানুষের অন্তরের তাকওয়া ও পবিত্র নিয়ত। আর একজন মুমিনের সেই পবিত্র ইচ্ছার একমাত্র লক্ষ্য হলো মহান প্রতিপালকের সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা।”
তিনি আরও উল্লেখ করেন, আত্মশুদ্ধি, সংযম ও আত্মোৎসর্গের সুমহান বার্তা নিয়ে প্রতি বছর পবিত্র ঈদুল আজহা আমাদের দ্বারে ফিরে আসে। পশুর কোরবানির মাধ্যমে মূলত মানুষের ভেতরের অহংকার ও কলুষতাকে বিসর্জন দেওয়া হয়। ধৈর্য, ত্যাগ ও বিশ্বাসের এক ঐতিহাসিক ঐতিহ্যকে ধারণ করেই এই ইবাদত মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে।
তিনি বলেন, “কোরবানির এই ত্যাগের মহিমা সমাজে ঐক্য, সাম্য ও সম্প্রীতির এক সুদৃঢ় মেলবন্ধন তৈরি করে। এই মহিমান্বিত শিক্ষাকে যদি আমরা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধারণ করে মানবকল্যাণে এগিয়ে আসতে পারি, তবেই কোরবানির প্রকৃত উদ্দেশ্য সফল হবে।”
উৎসবের সর্বজনীন রূপের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ঈদ মানুষের মনের সমস্ত ভেদাভেদ ভুলে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, আর সমাজ থেকে দূর হোক সব ধরনের বৈষম্য। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: