অভিনব প্রতারণা: সিলেটে গরু কিনে টাকা না দিয়ে প্রতারকের পলায়ন

অভিনব প্রতারণা: সিলেটে গরু কিনে টাকা না দিয়ে প্রতারকের পলায়ন

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/০৫/২০২৬ ২২:০০:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীতে অভিনব কায়দায় এক অসহায় দিনমজুর গরু বিক্রেতার প্রায় ৬০ হাজার টাকা মূল্যের গরু হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক চক্র। আজ ২৬ মে (মঙ্গলবার) বিকেলে নগরীর পাঠানটুলা গরুর হাট ও সুবহানিঘাট ইবনে সিনা হাসপাতাল এলাকায় এই অমানবিক প্রতারণার ঘটনাটি ঘটে। টাকা হারিয়ে বর্তমানে নিঃস্ব ও অসহায় ওই দিনমজুর হাসপাতালের নিচে কান্নায় ভেঙে পড়েছেন।


ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে সিলেটের পাঠানটুলা গরুর হাট থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু পছন্দ করে ছবির এই অজ্ঞাত ব্যক্তি। দাম নির্ধারণের পর সে গরুর মালিককে জানায়, সুবহানিঘাট ইবনে সিনা হাসপাতালের "বস"-এর কাছ থেকে টাকা এনে তাকে পরিশোধ করা হবে। সরল বিশ্বাসে গরুর মালিক ওই ব্যক্তির মোটরসাইকেলের পেছনে বসেন।


তারা যখন সুবহানিঘাটের উদ্দেশ্যে রওনা হয়, তখন সুকৌশলে ওই প্রতারকের সহযোগীরা কেনা গরুটি তাদের নির্ধারিত কোনো গোপন ঠিকানায় পাঠিয়ে দেয়।


এদিকে, মোটরসাইকেলে করে সুবহানিঘাট ইবনে সিনা হাসপাতালের সামনে পৌঁছানোর পর প্রতারক ব্যক্তিটি গরু বিক্রেতাকে বলে, “আপনি একটু এখানে অপেক্ষা করুন, আমি হাসপাতালের ভেতর থেকে টাকা নিয়ে আসছি।” এই বলে সে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। একই সময়ে মোটরসাইকেল নিয়ে থাকা তার অপর এক সহযোগীও সেখান থেকে দ্রুত কেটে পড়ে।


দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও ওই ব্যক্তি আর ফিরে আসেনি। হাসপাতালের ভেতরে ও আশেপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। তখনই দিনমজুর গরুর মালিক বুঝতে পারেন যে তিনি এক অভিনব ও সুপরিকল্পিত প্রতারণার শিকার হয়েছেন। একমাত্র সম্বল গরুটি হারিয়ে ওই অসহায় মানুষটি হাসপাতালের নিচে বসে অঝোরে কাঁদতে থাকেন। তার এই কান্না উপস্থিত পথচারী ও সাধারণ মানুষকেও আবেগআপ্লুত করে তোলে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad