লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

প্রথম ডেস্ক

১২/০৫/২০২৬ ১২:০১:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ে এলাকার যেব্দীন নামক স্থানে তাঁদের আবাসস্থলে এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম।

পারিবারিক ও বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদরের আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির সন্তান এবং মো. নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার মো. আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুন দম্পতির সন্তান। জীবিকার তাগিদে লেবাননে অবস্থানরত এই দুই প্রবাসী সোমবার দুপুরে নিজেদের বাসস্থানে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ইসরায়েলি বিমান বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয় তাঁদের আবাসন এলাকা। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। বর্তমানে তাঁদের মরদেহ লেবাননের নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। দূতাবাস এক শোকবার্তায় জানায়, লেবানন প্রবাসী এই দুই রেমিট্যান্সযোদ্ধার অকাল মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছে। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মাঝে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।

এ রহমান

মন্তব্য করুন: